বিনোদন ডেস্ক: পপ সংগীতের অবিসংবাদিত রাজা বা ‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের জীবনকে ঘিরে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। একইসঙ্গে বাংলাদেশের দর্শকরাও দেখার সুযোগ পাচ্ছেন এ সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে গতকাল শুক্রবার থেকে চলছে এর শো। মাল্টিপ্লেক্সটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় সিনেমাটির ২৭টি শো চলছে।
জানা গেছে, দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের প্রায় সবগুলো শাখায় রাখা হয়েছে সিনেমাটির শো। এ ছাড়াও, ব্লকবাস্টার সিনেমাসেও দেখানো হচ্ছে সিনেমাটি। তাদের সামাজিক মাধ্যমের পেজগুলো থেকে এসব তথ্য জানা গেছে।
কোটি মানুষের হৃদয়ে থাকা প্রয়াত মাইকেল জ্যাকসনের জীবনের উত্থান-পতন ও সংগীত জগতের রোমাঞ্চকর যাত্রা নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে মুক্তির আগে থেকেই বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির বার্লিনে সিনেমাটির একটি জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বায়োপিকটি।
পরিচালক অ্যান্টনি ফুকো এই সিনেমায় মাইকেল জ্যাকসনের জীবনের গুরুত্বপূর্ণ সব মুহূর্তকে নিখুঁতভাবে জীবন্ত করে তুলেছেন। মূল চরিত্র অর্থাৎ মাইকেল জ্যাকসন হয়ে পর্দায় আগমন ঘটেছে কিংবদন্তি এই শিল্পীর আপন ভাতিজা জাফর জ্যাকসনের। পর্দার মাইকেল হয়ে উঠতে জাফরের লুক, কণ্ঠ, নাচ এবং শারীরিক ভাষা দর্শকদের মুগ্ধ করেছে।
জাফর ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, লরা হ্যারিয়ার ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।
উল্লেখ্য, বিংশ শতাব্দীর সংগীত জগতের অন্যতম কিংবদন্তি মাইকেল জ্যাকসনের জীবন প্রদীপ নিভে যায় মাত্র ৫০ বছর বয়সে। ২০০৯ সালের ২৫ জুন লক্ষ-কোটি ভক্ত-শ্রোতাদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান পপ সম্রাট মাইকেল জ্যাকসন।
—জা. অর্থনীতি/এনএ