Print Date & Time : 28 October 2026 Wednesday 07:29 am

গরমে অসুস্থ করে দিতে পারে যে ভুল অভ্যাস

image

স্বাস্থ্য ডেস্ক: পূর্ব কোনো লক্ষণ ছাড়া হঠাৎ মাথা ঘোরানো, চোখে অন্ধকার দেখা, তারপর অজ্ঞান হয়ে যাওয়া! এই গরমে এমন ঘটনা বাড়ছে প্রতিদিন। কিন্তু প্রশ্ন হলো-এটা কি শুধু ক্লান্তি? নাকি শরীর দিচ্ছে বিপদের সংকেত? এজন্য মানতে হবে কিছু নিয়ম কানুন। চলুন জেনে নেওয়া যাক গরমে-কী করবেন আর কী করবেন না। 

তীব্র গরমে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। শরীর নিজেকে ঠান্ডা রাখতে ঘাম ঝরাতে শুরু করে। কিন্তু অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে বের হয়ে যায় পানি আর প্রয়োজনীয় লবণ। এই ঘাটতি তৈরি করে দুর্বলতা—আর সেখান থেকেই শুরু হয় নানা রকম সমস্যা। 

মানব শরীরে যখন পানির ঘাটতি হয়, রক্তচাপ কমে যায়। মস্তিষ্কে ঠিকমতো রক্ত পৌঁছাতে পারে না। ফলাফল মাথা ঘোরা, ঝিমুনি, এমনকি হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া। গরমে দুই ধরনের বড় সমস্যা দেখা দেয়। ১. ‘হিট এক্সেশন’, যখন শরীর অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে। 

আর ২. ‘হিট স্ট্রোক’, যখন শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়। হিট স্ট্রোক হলে অজ্ঞান হওয়া, খিঁচুনি এমনকি মৃত্যুও হতে পারে। যারা দীর্ঘসময় রোদে থাকেন, তাদের ক্ষেত্রে এ ঝুঁকি সবচেয়ে বেশি। যেমন, রিকশাচালক, শ্রমিক, শিশু ও বয়স্ক মানুষ এবং যারা কম পানি পান করেন, তারা রয়েছেন উচ্চ ঝুঁকিতে। 

এসব লক্ষণ দেখা দিলে করণীয় কী? 

কেউ যদি হঠাৎ মাথা ঘুরে পড়ে যায, প্রথমেই তাকে রোদ থেকে সরিয়ে ছায়ায় নিন। ঢিলা কাপড় পরিয়ে দিন, পানি বা স্যালাইন খাওয়ান। শরীর ঠান্ডা করতে ভেজা কাপড় ব্যবহার করুন। অবস্থা গুরুতর হলে দ্রুত হাসপাতালে নিয়ে যান। 

এই সমস্যা এড়াতে কিছু সহজ নিয়ম আছে, কী সেগুলো  

নিয়মিত পানি পান করুন, তৃষ্ণা লাগার আগেই ওআরএস বা লবণ পানির মিশ্রণ রাখতে পারেন তালিকায়। দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। হালকা, ঢিলেঢালা কাপড় পরিধান করুন। বাইরে গেলে ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। 

গরমে শরীরকে ঠান্ডা রাখতে তরমুজ, শসা, ডাবের পানি এগুলো খুব উপকারী। চা-কফি বা অতিরিক্ত ঠান্ডা পানীয় কম পান করুন। গরমকে অবহেলা নয় বোঝার চেষ্টা করুন। কারণ, শরীর আগেই সংকেত দেয় আপনি শুধু সেটাকে গুরুত্ব দিন। শরীরের সংকেত বোঝার চেষ্টা করুন। শরীরের সংকেত বুঝতে পারলে অনেক কিছু আপনি আগাম টের পাবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন। 

একটু সচেতনতা একটি বড় বিপদ থেকে বাঁচাতে পারে আপনার জীবন। 

—জা. অর্থনীতি/এনএ