চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশের সামুদ্রিক অবকাঠামো ও ব্লু-ইকোনমির উন্নয়নে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানি (Mitsui & Co.)।
বুধবার (২৯ এপ্রিল) ঢাকায় ও বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চট্টগ্রামে অনুষ্ঠিত পৃথক বৈঠকে জাপানি এই প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল এই প্রতিশ্রুতি দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মিৎসুই অ্যান্ড কোম্পানির বাংলাদেশের কান্ট্রি চেয়ারম্যান কেনিচিরো কাওয়ামোটোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার এডমিরাল এসএম মনিরুজ্জামানের সাথে ঢাকায় সাক্ষাৎ করেন।
পরবর্তীতে বিস্তারিত আলোচনার লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দর সফর করেন। বন্দর পরিদর্শনের সময় তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পর্ষদ সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
বৈঠকে প্রতিনিধি দলের সামনে চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক ডিজিটালাইজেশন, অটোমেশন, রেকর্ড পরিমাণ কনটেইনার হ্যান্ডলিং, আইএসপিএস জিরো অবজারভেশন এবং জাহাজের 'জিরো ওয়েটিং টাইম' অর্জনের মতো উল্লেখযোগ্য সাফল্যগুলো তুলে ধরা হয়। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রকল্পের উন্নয়ন।
বিশেষ করে এই বন্দরের বাণিজ্যিক ও পরিচালনাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মিৎসুই’র পক্ষ থেকে পেশকৃত বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দলটি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে চট্টগ্রাম বন্দরের সাথে দীর্ঘমেয়াদে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিনিধি দলে মিৎসুই’র ডেপুটি কান্ট্রি চেয়ারম্যান রেইজি নাকানিশি এবং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনার্জি ডিভিশনের ডেপুটি ম্যানেজার মো. মোহাইমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
জাপানের অন্যতম বৃহত্তম এই প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরকে দক্ষিণ এশিয়ার অন্যতম বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
—জা.অর্থনীতি/এনজে