Print Date & Time : 07 November 2026 Saturday 08:11 pm

শক্তি কাপুরের মৃত্যুর গুজব

image

বিনোদন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের মৃত্যুর খবর নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র বিভ্রান্তি ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর গুজব। ফলে, ভক্তরা মুহূর্তেই উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্প্রতি একাধিক পোস্টে তার মৃত্যুর দাবি করা হলেও সব জল্পনার অবসান ঘটিয়ে বর্ষীয়ান এই অভিনেতা নিজেই জানালেন, তিনি সুস্থ্য আছেন। একইসঙ্গে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন বলে উল্লেখ করেন তিনি। শুক্রবার (৮ মে) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয়, জনপ্রিয় এই অভিনেতা আর নেই। খবরটি দ্রুত ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় উদ্বেগ। এরপরই নিজের ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় বিষয়টি পরিষ্কার করেন শক্তি কাপুর। 

ভিডিওতে শক্তি কাপুর বলেন, ‘হ্যালো সবাই, আমার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। আমি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এসব গুজব উপেক্ষা করুন। আমি এ বিষয়ে অভিযোগ করতে যাচ্ছি। এটা মোটেও ঠিক নয়।’ 

ভিডিওতে শান্ত থাকলেও এমন গুজবে যে তিনি বিরক্ত ও হতাশ, সেটিও স্পষ্ট ছিল। একইসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের মিথ্যা খবর শুধু একজন শিল্পীর জন্যই নয়, তাঁর পরিবার ও কাছের মানুষদের জন্যও ভীষণ কষ্টদায়ক হতে পারে।’ 

শুধু গুজব খণ্ডনেই থেমে থাকেননি শক্তি কাপুর। তিনি জানিয়েছেন, যারা এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন। তাঁর মতে, সামাজিক যোগাযোগমাধ্যম কখনোই এমন সংবেদনশীল বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানোর জায়গা হতে পারে না।

ভিডিও প্রকাশের পরপরই ভক্তরা স্বস্তি প্রকাশ করেন। অনেকে মন্তব্যে অভিনেতার সুস্থতা কামনা করেন এবং ভুয়া খবর ছড়ানোর প্রবণতার সমালোচনাও করেন। 

হিন্দি সিনেমার অন্যতম পরিচিত মুখ শক্তি কাপুর। বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে কৌতুক ও খলচরিত্র—দুই ধরনের অভিনয় দিয়েই দর্শকদের মনে আলাদা জায়গা করে নেন তিনি। কাদের খান ও আসরনির তাঁর জুটি ছিল দর্শকপ্রিয়। তিনজন একসঙ্গে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। 

সম্প্রতি ‘মেরে হাসব্যান্ড কী বিবি’ সিনেমায় দেখা গেছে শক্তি কাপুরকে। সেখানে তাঁর অভিনয় আবারও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। 

উল্লেখ্য, বিনোদন জগতে তারকাদের নিয়ে এমন মৃত্যুর গুজব নতুন কিছু নয়। এর আগেও কলকাতার প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জি এবং পরিচালক হরনাথ চক্রবর্তীসহ অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব এ ধরনের অপপ্রচারের শিকার হয়েছেন। 

—জা. অর্থনীতি/এনএ