Print Date & Time : 07 November 2026 Saturday 08:49 am

আতাউর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা শহীদ মিনারে, দাফন বনানীতে

image
বিনোদন প্রতিবেদক: স্বাধীনতা পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আতাউর রহমানের মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাবে সাংস্কৃতিক অঙ্গন। 

মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। 

এ প্রসঙ্গে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে আতাউর রহমানের নিজ বাসভবন সংলগ্ন খোলা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় সম্মাননা ও শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। 

এর আগে, গতকাল সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

—জা. অর্থনীতি/এনএ