Print Date & Time : 08 November 2026 Sunday 01:00 am

আসছে বাজেটে রপ্তানি প্রণোদনার কর বাড়ানোর চিন্তা

image

অর্থনীতি ডেস্ক: আসন্ন জাতীয় বাজেটে সরকার ঘোষিত রপ্তানি নগদ প্রণোদনার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার বিষয়টি বিবেচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

প্রস্তাবটি বাস্তবায়ন হলে রপ্তানি প্রণোদনার বিপরীতে সরকারের কর আদায় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে এমন সময়ে এ উদ্যোগ নেওয়া হচ্ছে, যখন দেশের রপ্তানিকারকরা—বিশেষ করে মোট রপ্তানি আয়ের প্রায় ৮৫ শতাংশ অবদান রাখা তৈরি পোশাক খাত—রপ্তানি কমে যাওয়া ও উৎপাদন ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে রয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে পাট রপ্তানি খাতসহ বিভিন্ন খাতে রপ্তানি প্রণোদনার জন্য সরকার ৯ হাজার ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগামী অর্থবছরেও রপ্তানি পরিস্থিতি ও প্রণোদনার হার অপরিবর্তিত থাকলে উৎসে করের হার দ্বিগুণ করার মাধ্যমে সরকার অতিরিক্ত প্রায় ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারে।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাজেটসংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনবিআরের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে অর্থ বিলের জন্য এনবিআর যে প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করতে চায়, সেগুলো পর্যালোচনা করা হবে।

এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ মন্ত্রণালয়ের বাজেটসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন।

এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার ভিত্তিতে প্রস্তাবগুলোতে পরিবর্তন বা নতুন সংযোজন আসতে পারে।

তবে রপ্তানিকারকদের মতে, প্রণোদনার ওপর কর বাড়ানো যৌক্তিক হবে না। তাদের দাবি, গত কয়েক বছরে এসব সহায়তার পরিমাণ আগেই কমিয়ে আনা হয়েছে।

রপ্তানিকারকদের দাবি, নিরীক্ষাসংক্রান্ত জটিলতার কারণে প্রণোদনার অর্থ পেতে তাদের হয়রানি, দীর্ঘসূত্রতা ও নানা প্রক্রিয়াগত জটিলতার মুখে পড়তে হয়। তাদের মতে, কর আরও বাড়ানো হলে প্রণোদনার কার্যকর সুবিধা কমে যাবে।

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী বাজেটে কর না বাড়ানোর আশ্বাস আগে শিল্প খাতকে দেওয়া হয়েছিল। ‘সরকার আমাদের বলেছিল, আগামী বাজেটে যেন আমরা কোনো কর সুবিধা না চাই। তবে আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে কর বাড়ানো হবে না। কিন্তু এখন আমরা শুনছি, রপ্তানি প্রণোদনার ওপর কর বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।,

—জা.অর্থনীতি/এএইচএ