বিনোদন ডেস্ক: সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুর পর এবার হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গতকাল সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সনিকা। জানা গেছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে বনানীর ইয়র্ক হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের হঠাৎ মৃত্যু দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। কারিনা হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’ তে আক্রান্ত হয়েছিলেন। তার মৃত্যুর তিনদিন পেরোতেই হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হলেন ডিজে সনিকা।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।
উল্লেখ্য, সনিকা ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। অল্প সময়েই তিনি দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
এরপর ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে সম্মাননা পান। পরে তিনি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ প্রকাশ পায়।
সংগীতের পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে তিনি অভিনয়ে নাম লেখান এবং ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা পান।
এদিকে, সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিল শোবিজ অঙ্গন। এরই মধ্যে সনিকার হাসপাতালে ভর্তি হওয়ার খবর নতুন করে ভক্তদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।