বিনোদন প্রতিবেদক: নতুন হাওয়া লাগলো বাংলা সিনেমার পালে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের ছবি ‘মানুষের বাগান’। ১৯ মে ভারতের নয়াদিল্লিতে আয়োজিত উৎসবের পোস্ট ক্লোজিং অ্যাওয়ার্ড সেরিমনিতে সিনেমাটির পক্ষে সম্মাননা গ্রহণ করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার প্রীতি রহমান।
এর মধ্য দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও আলোচনায় বাংলাদেশের সিনেমা। উৎসবে নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’ সিনেমাটি জিতে নিয়েছে ‘বেস্ট ফিচার ফিল্ম অন সোশ্যাল সাবজেক্ট’ পুরস্কার।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসে অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রচর্চার জন্য এটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
গত এক দশকে বাংলাদেশের তরুণ নির্মাতারা কান, বুসান, টরন্টো ও রটারডামের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজেদের স্বতন্ত্র নির্মাণভাষা ও গল্প বলার ধরনে নজর কাড়ছেন—‘মানুষের বাগান’-এর অর্জন যেনো সেই ধারাবাহিকতারই নতুন সংযোজন।
মানুষের ভেতরের একাকীত্ব, সম্পর্কের টানাপোড়েন, সামাজিক বিভাজন ও মানসিক ভাঙনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মানুষের বাগান’। ভিন্ন সামাজিক শ্রেণির মানুষের জীবন ও তাদের অদৃশ্য সংকটকে কাব্যিক ভঙ্গিতে তুলে ধরেছেন নির্মাতা আতিক। ধীরগতির ভিজ্যুয়াল ভাষা, নীরবতা এবং আবহ নির্মাণে সিনেমাটি আলাদা মাত্রা পেয়েছে বলেও মনে করছেন চলচ্চিত্রবোদ্ধারা।
কী আছে এই সিনেমায়? সেই ধারণা পাওয়া যায় সিনেমার পোস্টারে, পৃথিবীটা যেনো এক বিশাল গোল বাগান। সেই বাগানের চারদিকে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ—কেউ গাছ লাগাচ্ছে, কেউ ছবি আঁকছে, কেউ মাটি খুঁড়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছে, আবার কেউ ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। সেখানে শিশু আছে, তরুণ আছে, বৃদ্ধও আছে। প্রত্যেকে নিজের মতো ব্যস্ত। অথচ, অদৃশ্য এক সুতোয় সবাই জড়িয়ে আছে একই পৃথিবীর সঙ্গে। পরিচালক নুরুল আলম আতিকের মতে, সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের পাঁচটি গল্প নিয়ে এগিয়েছে ‘মানুষের বাগান’–এর কাহিনি।
২০১৮ সালে সিনেমাটির কাজ শুরু হয়। এক বছরের মধ্যে শুটিং শেষ হলেও পরে নানা কারণে সিনেমাটি প্রস্তুত হতে সময় লাগে। অবশেষে এ বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পায়। চলতি বছর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে প্রথম সনদ পাওয়া সিনেমাও এটি।
এ প্রসঙ্গে পরিচালক আতিক জানান, শিগগির দেশের প্রেক্ষাগৃহের পরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ত্রিনে সিনেমাটি মুক্তি পাবে।
এর আগে, নূরুল আলম আতিক নির্মিত ‘লাল মোরগের ঝুঁটি’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে এবং ‘পেয়ারার সুবাস’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয়। ফলে, ‘মানুষের বাগান’-এর এই আন্তর্জাতিক স্বীকৃতি নির্মাতার চলচ্চিত্রযাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখা হচ্ছে।
—জা. অর্থনীতি/এনএ