Print Date & Time : 07 November 2026 Saturday 07:19 pm

ত্রাণমন্ত্রীর এপিএস হলেন বাশার সুমন

image

লালমনিরহাট প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন লালমনিরহাট জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার ওরফে বাশার সুমন।

শনিবার (২৩ মে) দুপুরে প্রজ্ঞাপনটি প্রকাশ হয়। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

আবুল বাশার ওরফে বাশার সুমন লালমনিরহাট শহরের খোচাবাড়ি বিডিআর হাট এলাকার আকবর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর অভিপ্রায় অনুযায়ী তার এপিএস পদে আবুল বাশার সুমনকে নিয়োগ প্রদান করা হয়েছে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে তিনি সরকারি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

তবে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু যতদিন এই পদে অধিষ্ঠিত থাকবেন এবং তার অভিপ্রায় বহাল রাখবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এদিকে বাশার সুমন ত্রাণমন্ত্রীর এপিএস নিযুক্ত হওয়ায় লালমনিরহাট জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। 

—জা. অর্থনীতি/এনজে