নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বড় একটি অংশে গত কয়েকদিন ধরে বৃষ্টির দেখা নেই। তীব্র রোদ আর ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে দেশজুড়ে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। ঘরে কিংবা বাইরে- কোথাও মিলছে না স্বস্তি।
প্রখর রোদে পথঘাট উত্তপ্ত হয়ে ওঠায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া ও শ্রমজীবী মেহনতি জনতা। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাওয়ায় বিপাকে পড়েছেন রিকশাচালক ও দিনমজুরেরা, কমে গেছে তাদের দৈনিক আয়ও। তীব্র এই গরমে শুধু মানুষই নয়, হাঁসফাঁস করছে অবলা প্রাণিকুলও।
মঙ্গলবার (২ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের জেলাসহ দেশের মোট ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে এই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র গরমের মাঝেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। আগামী ৭২ ঘণ্টার (৩ দিন) মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায়, ৫৪ মিলিমিটার।
—জা. অর্থনীতি/এলএ/এনজে