Print Date & Time : 24 October 2026 Saturday 12:00 pm

যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক কলহের জেরে’ গুলি, হামলাকারীসহ নিহত ৭

image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাস্কাটিন শহরে পারিবারিক কলহের জেরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে একই পরিবারের ৬ সদস্য নিহত হয়েছেন। পরে সন্দেহভাজন ওই হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। 

স্থানীয় সময় সোমবার (১ জুন) দুপুরে শহরের পৃথক ৩টি স্থানে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ব্রিটিশ বার্তাসংস্থা এনডিটিভি  এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাস্কাটিন পুলিশ বিভাগ জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে পার্ক অ্যাভিনিউ এলাকার একটি বাড়ি থেকে প্রথম গোলাগুলির খবর আসে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই বাড়ির ভেতর থেকে গুলিবিদ্ধ চারজনের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় পুলিশ জানতে পারে, হামলাকারী ব্যক্তি মাস্কাটিনেরই বাসিন্দা ৫২ বছর বয়সি রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড, যিনি পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যান।

ঘাতক ম্যাকফারল্যান্ডকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় একটি পথচারী সেতুর কাছ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। নিজের গুলিতেই আহত হওয়া ম্যাকফারল্যান্ড অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মারা যান।

পরবর্তীতে তদন্তের সূত্র ধরে পুলিশ মিল স্ট্রিটের আরেকটি বাড়ি থেকে আরও এক ব্যক্তির এবং গ্র্যান্ডভিউ অ্যাভিনিউয়ের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে অন্য আরেকজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের সকলেই ঘাতক ম্যাকফারল্যান্ডের পরিবারের সদস্য ছিলেন।

মাস্কাটিন পুলিশের প্রধান তদন্তকারী কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে এটি স্পষ্ট যে ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক বিবাদের জেরে ঘটেছে। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা নিশ্চিতে কাউন্টি পুলিশ গভীর তদন্ত শুরু করেছে। সূত্র: এনডিটিভি

—জা. অর্থনীতি/এনজে