জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আজ রবিবার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে রাজধানীর পল্টন এলাকায় তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ মানুষের মাঝেও পানি ও স্যালাইন বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
ছাত্র জমিয়ত সূত্রে জানা গেছে, রাজধানীতে চলমান তীব্র গরম ও বৈরী আবহাওয়ার মধ্যে রাজপথে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কর্মসূচি চলাকালে শিক্ষকদের হাতে ঠান্ডা পানি ও স্যালাইন তুলে দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা মহানগর পূর্ব শাখার সহসভাপতি কামরুল ইসলাম এবং পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব আহমাদ নজিরীসহ সংগঠনের অন্য নেতাকর্মীরা।
কর্মসূচিতে ছাত্র জমিয়তের নেতারা বলেন, দেশের বিভিন্ন স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের ন্যায্য দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এবং একই সঙ্গে সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই সংগঠন এই উদ্যোগ নিয়েছে।
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, তীব্র গরমে সাধারণ মানুষ ও আন্দোলনরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে এই সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েকদিনও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। এরই অংশ হিসেবে বর্তমানে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন।
জা. অর্থনীতি/ উমার