Print Date & Time : 08 November 2026 Sunday 07:24 pm

হয়রানিমুলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

image

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ভুয়া কাগজ দিয়ে খাস জমি রেকর্ড করে গ্রামবাসীর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলার উত্তর মির্জাপুর বাজারে এই কর্মসূচীর আয়োজন করে ভুক্তভোগী গ্রামবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ১০টি পরিবারসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী এতেম আলী, লাখি খাতুন, মীর শওকত আলী, নওশের আলী, আলমাস জোয়ার্দ্দার ও নাজমুল হাসান সুজনসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, ভরাট হওয়া ডাকুয়া নদীর ৩ একর ৫৩ শতক খাস জমি উত্তর মির্জাপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম বাবলু জোয়ার্দ্দার ভুয়া কাগজ দেখিয়ে রেকর্ড করে নেন। সরকার এ নিয়ে মামলা করলে ২০০৭ সালে আদালত সরকারের পক্ষে রায় দেয়। কিন্তু বাবলু জোয়ার্দ্দার সেই জমি এখনও নিজের দাবি করে জমিতে থাকা ১০টি দরিদ্র পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছেন। বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও জালিয়াতি চক্রের বিচারের দাবি জানান।

—জা. অর্থনীতি/এলএটি