Print Date & Time : 07 November 2026 Saturday 11:31 am

ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা: গ্রেপ্তার ১ যুবক

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় নিজেকে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে মো. সাজু আহমেদ শোভন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান।

গ্রেপ্তারকৃত সাজু আহমেদ শোভন রংপুর জেলার কোতোয়ালী থানার পশ্চিম বাবু খাঁ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগী বরাত দিয়ে পুলিশ ওসি জানান, গত ৫ জুন রাতে বড়লেখা থানার নিউ সমনবাগ চা বাগানের বাসিন্দা যতিন চাষার কাছে নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন শোভন। পরে মামলার ভয়ভীতি দেখিয়ে ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে কৌশলে তার কাছ থেকে ৩ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে গত ৭ জুন বিকেলে নিউ সমনবাগ চা বাগান বাজারে আসামিকে দেখে ভুক্তভোগী ও স্থানীয়রা তাকে আটক করে বড়লেখা থানায় খবর দেন।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে পুলিশ কর্মকর্তা দাবি করে ‘এএসপি’ পদবি উল্লেখ থাকা একটি পরিচয়পত্র দেখান। যাচাই-বাছাই শেষে পরিচয়পত্রটি ভুয়া নিশ্চিত হয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পেনাল কোডের ১৭০/৪২০ ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি