সিলেট প্রতিনিধি: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে নগরভবন প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগরভবনে এসে শেষ হয়।
র্যালি শেষে সাংবাদিকদের সিসিক প্রশাসক বলেন, “আমরা একটি ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তুলতে চাই। সে লক্ষ্যেই জানুয়ারি মাস থেকে প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছি। এখন ডেঙ্গুর মৌসুম শুরু হয়েছে, তাই সবাইকে আরও সচেতন হতে হবে। নিজেদের আঙিনা, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।” তিনি জানান, এখন পর্যন্ত নগরীতে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। তবে জনসচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট বিতরণ ও মসজিদের খুতবায় সচেতনতামূলক বার্তা দেওয়ার অনুরোধ জানানো হবে এবং আগামী মাস থেকে প্রতিটি বাসাবাড়িতে লার্ভা পরীক্ষা করা হবে।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
সভাপতিত্ব ও বক্তব্য পর্বে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার জানান, প্রাথমিকভাবে কোথাও এডিসের লার্ভা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং সচেতনতার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এছাড়া প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হলে কুইক রেসপন্স টিম তাৎক্ষণিকভাবে আক্রান্ত ব্যক্তির এলাকার অন্তত ২০টি বাড়িতে অনুসন্ধান চালিয়ে লার্ভা ধ্বংস করবে।
—জা. অর্থনীতি/এলএটি