Print Date & Time : 28 October 2026 Wednesday 06:50 am

প্রবাসীর বাসা থেকে অজগর উদ্ধার

image

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে এক যুক্তরাজ্য প্রবাসীর বাসা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের পূবাসা খান মঞ্জিল থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার রাতে শহরের পূবাসা খান মঞ্জিলে যুক্তরাজ্য প্রবাসী মতলিব খানের বাসায় অজগর সাপটি প্রবেশ করে। এতে বাসার সদস্য ও প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে বাসার লোকজন দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বন রেঞ্জ কর্মকর্তা বলেন, "উদ্ধারকৃত অজগর সাপটি সুস্থ আছে। যাচাই-বাছাই শেষে লাউয়াছড়া বা আশপাশের বনাঞ্চলে অবমুক্ত করা হবে। অজগর বিষহীন সাপ। মানুষকে আক্রমণ করে না, তবে বিরক্ত করলে আত্মরক্ষার চেষ্টা করে।"

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, "আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই। সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বা বন বিভাগে খবর দিন।"

—জা. অর্থনীতি/এলএটি