Print Date & Time : 08 November 2026 Sunday 11:16 am

প্রচণ্ড ঝড়ে পাটুরিয়ায় ভুট্টাবোঝাই বাল্কহেড ডুবি

image

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আকস্মিক প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে ভুট্টাবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। 

মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটের পাশের নদী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে পদ্মা-যমুনা নদী অববাহিকায় হঠাৎ করে দমকা হাওয়ার সঙ্গে তীব্র ঝড় শুরু হয়। এ সময় পাটুরিয়া লঞ্চঘাটের নিকটবর্তী এলাকায় অবস্থানরত ভুট্টাবোঝাই একটি বাল্কহেড ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়।

পাটুরিয়া লঞ্চঘাটের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে নদীতে থাকা ছোট-বড় নৌযানগুলো নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যেই ভুট্টাবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। তবে দুর্ঘটনার সময় নৌযানে থাকা সবাই নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, বাল্কহেডটি ডুবে যাওয়ায় ভুট্টার একটি বড় অংশ নদীতে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে বৈরী আবহাওয়ায় সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

—জা. অর্থনীতি/এনজে