Print Date & Time : 08 November 2026 Sunday 12:12 pm

অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, জবাবে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

image

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ এনে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার (১০ জুন) এই সামরিক অভিযান শুরু হয়।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ইরানের আগ্রাসনের জবাবে ‘সমানুপাতিক প্রতিক্রিয়া’ হিসেবেই এ হামলা পরিচালনা করা হয়েছে। হামলার পর ইরানের পারস্য উপসাগরীয় উপকূলীয় অঞ্চল এবং হরমুজ প্রণালি এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নির্ভুল গোলাবারুদ ব্যবহার করে হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার সাইটে আঘাত হানা হয়েছে।

এর আগে সোমবার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানি সেনারা হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। বিধ্বস্ত হওয়ার পর সেটি ওমান উপসাগরে গিয়ে পড়ে।

পরে জানা যায়, কয়েক মিলিয়ন ডলার মূল্যের ওই হেলিকপ্টারটি শাহিদ ড্রোনের মাধ্যমে ভূপাতিত করেছে ইরানি বাহিনী। তবে এটি পরিকল্পিত হামলা ছিল নাকি ভুলবশত ড্রোনটি হেলিকপ্টারে আঘাত করেছিল, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সমুদ্রে পড়ে যান। পরে সামুদ্রিক ড্রোন ব্যবহার করে তাদের উদ্ধার করা হয়। এমন প্রযুক্তির মাধ্যমে সেনা সদস্যদের উদ্ধারের এটি প্রথম ঘটনা বলে জানা গেছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, হেলিকপ্টারের দুই পাইলটই সুস্থ রয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানই হেলিকপ্টারটি ভূপাতিত করেছে এবং এর জবাব দেওয়া হবে। তার এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের উপকূলীয় এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরানের প্রতিরক্ষা অবকাঠামো ও রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, পারস্য উপসাগর উপকূলবর্তী বন্দর আব্বাস, কিশম ও সিরিক এলাকায় বিস্ফোরণ ঘটেছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। তার ভাষায়, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র ইরানের দৃঢ় সংকল্প পরীক্ষা করার চেষ্টা করছে।

মার্কিনিদের উদ্দেশে আরাগচি আরও বলেন, নিরাপদ থাকতে চাইলে তাদের এ অঞ্চল ছেড়ে চলে যেতে হবে।

সূত্র: বিবিসি

—জা. অর্থনীতি/এআইই