Print Date & Time : 07 November 2026 Saturday 06:08 am

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

image

জাতীয় অর্থনীতি ডেস্ক: রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার লিফটের সামনে থাকা জানালার থাই গ্লাসের দুটি অংশ খুলে ফেলে। এর মধ্যে একটি অংশ ভবনের পেছন দিক দিয়ে নিয়ে যেতে সক্ষম হলেও অপরটি নিতে পারেনি তারা।

ঘটনার সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সকালে বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে জানানো হলে তিনি বলেন, এটি নাশকতার অংশ হতে পারে। তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে ঘিরে এ অফিস থেকে চাকরিচ্যুত কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তি অনলাইনে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এই ঘটনার পেছনে তাদেরও কোনো ইন্ধন থাকতে পারে।

এদিকে, অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিকভাবে প্রশাসনিক কর্মকর্তাকে থানায় অভিযোগ দায়েরের নির্দেশ দেন। পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তি ও ইন্ধনদাতাদের শনাক্ত করতে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।

—জা. অর্থনীতি/এআইই