Print Date & Time : 07 November 2026 Saturday 11:47 am

১০০ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

image

বিনোদন ডেস্ক: পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য দেখিয়ে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সিনেমাটি সংগীতনির্ভর জীবনীচিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা অর্জন করেছে। এটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। ‘কিং অব পপ’ খ্যাত মাইকেল জ্যাকসনের বায়োপিক বলে কথা। বক্স অফিসে ঝড় তুলবে, এটা প্রত্যাশিতই ছিলো। ঘটলোও তাই। গত ২৪ এপ্রিল মুক্তির পর থেকে বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করে যাচ্ছে ‘মাইকেল’। জানা গেছে, ১০০ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’ এবার গড়লো মিউজিক্যাল বায়োপিক হিসেবে সর্বকালের সর্বোচ্চ আয়ের রেকর্ড। 

এতোদিন রেকর্ডটি ছিলো ‘বোহেমিয়ান র‍্যাপসডি’র দখলে। ‘কুইন’ ব্যান্ড খ্যাত ফ্রেডি মার্কারির জীবন অবলম্বনে নির্মিত সিনেমাটি ২০১৮ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করেছিলো। সেটাকে টপকে গেছে ‘মাইকেল’। সর্বশেষ খবর অনুযায়ী, সিনেমাটির আয় ছাড়িয়েছে ৯১১ মিলিয়ন ডলার। 

ধারণা করা হচ্ছে, এ সপ্তাহের মধ্যেই ‘মাইকেল’ ঢুকে পড়বে বিলিয়ন ডলারের ক্লাবে। সেক্ষেত্রে ইতিহাসের প্রথম মিউজিক্যাল বায়োপিক হিসেবে বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়বে সিনেমাটি। 

‘মাইকেল’ নির্মাণ করেছেন অ্যান্টোইন ফুকোয়া। এতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। চাচার চরিত্রে তার অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছে। এ ছাড়াও, আছেন নিয়া লং, জুলিয়ানো ভালদি, কেলিন ডারেল জোনস, লরা হ্যারিয়ার প্রমুখ। সিনেমাটি নির্মিত হয়েছে প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটে। 

এদিকে, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বক্স অফিসেও এটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয়কারী বায়োপিক হওয়ার গৌরব অর্জন করেছে। চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, সিনেমাটি খুব দ্রুতই বিশ্বজুড়ে ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার আয়ের মাইলফলক স্পর্শ করবে। ‘মাইকেল’ এখনো বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এবং দর্শকদের বিপুল সাড়া পেয়ে যাচ্ছে। 

—জা. অর্থনীতি/এনএ