Print Date & Time : 07 November 2026 Saturday 10:03 am

ব্রাজিল বিন্দুতে ‘এক’ অপু-বুবলী!

image

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও শাকিব খান ইস্যু নিয়ে প্রায়ই তারা থাকেন আলোচনায় ও খবরের শিরোনামে। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা এই দুই তারকাকে অনুসরণ করেন, তারা জানেন, দুজনের সম্পর্ক খুব একটা উষ্ণ নয়। বিভিন্ন সময় তাদের ফেসবুক পোস্ট, মন্তব্য কিংবা ইঙ্গিতপূর্ণ বক্তব্যে পরোক্ষ খোঁচা ও মতপার্থক্যের আভাস মিলেছে। তবে এবার ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়েও আলোচনায় এ দুই তারকা। মিলেছেন এক বিন্দুতে! 

হ্যাঁ, এবার কোনো ব্যক্তিগত বিতর্ক কিংবা কাদা ছোড়াছুড়ি নয়, ফুটবল বিশ্বকাপই এক বিন্দুতে মেলালো অপু-বুবলীকে। আর এই মিলনের কেন্দ্রবিন্দু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাও বাহিনী ব্রাজিল। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ উপলক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে ব্রাজিলের প্রতি নিখাদ ভালোবাসার কথা জানান ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস। তিনি নিজেকে ব্রাজিল দলের কট্টর সমর্থক দাবি করে বলেন, ‘আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। আমি মনে করি, যারা নান্দনিক খেলা বোঝে, তারা ব্রাজিল করে। ফুটবল খেলা যে একটা আর্ট, সেটা আমি কেন জানি ব্রাজিলের খেলা দেখলেই মনে হয়।’ 

অন্যরা যে খেলা একেবারেই বোঝেন না, তা বলতে চাননি এই নায়িকা। অপুর মতে, ব্রাজিলের খেলায় এমন এক ছন্দ আছে যা অন্য কোনো দলে তিনি খুঁজে পান না। প্রিয় দলের প্রতি ভালোবাসার পাশাপাশি আর্জেন্টিনার খুদে জাদুকর লিওনেল মেসির ব্যক্তিত্বেরও প্রশংসা করেছেন অপু। ফুটবলপ্রেমীদের কাছে তাই এই নায়িকার বার্তা, ব্রাজিলের প্রতি ভালোবাসা আর মেসির প্রতি সম্মান। 

অন্যদিকে, ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা শবনম বুবলীও সামাজিক মাধ্যমে ব্রাজিলকে সমর্থন জানিয়ে বিশেষ পোস্ট দিয়েছেন। তাতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেছেন বুবলী। ছবিটির ক্যাপশনে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল’। শুধু প্রিয় দলের প্রতি অকুণ্ঠ সমর্থনই নয়, এই পোস্টের মাধ্যমে নিজের ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই নায়িকা। ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নামও উল্লেখ করেন পোস্টে। 

সাধারণত শাকিব খানের সমীকরণে অপু বিশ্বাস আর শবনম বুবলীকে সবসময় দেখা যায় দুই মেরুতে। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনে তাদের মধ্যকার বৈরী সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই নেট দুনিয়ায়। কিন্তু চলমান ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রশ্নে দুজনই এখন একই দলের জার্সিতে এক কাতারে এসে দাঁড়িয়েছেন। আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। 

এদিকে, অপু ও বুবলী দুজনেই ব্রাজিলের ডেরায় যোগ দিলেও মেগাস্টার শাকিব খান কোন শিবিরের সমর্থক সেই উত্তর অবশ্য এখনো ধোঁয়াশাতেই রয়ে গেছে। 

—জা. অর্থনীতি/এনএ