Print Date & Time : 28 October 2026 Wednesday 05:37 am

ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮

image

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১১টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার পুলিশ মাসদাইরে শীর্ষ মাদক ব্যবসায়ী 'ফাইটার মনির'-এর মাদক স্পটে অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ফাইটার মনির, তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পরপরই আটকদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের ওপর এলোপাতাড়ি ইট-পাটকেল ও ঢিল নিক্ষেপ করে। এরপর পুলিশকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলিও ছোড়া হয়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা দুই রাউন্ড শটগানের গুলি চালায়।

সংঘর্ষে এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিকসহ ৫ পুলিশ সদস্য এবং পথচারী হেলালউদ্দিন, চালক বাবু ও একেএম শফিউদ্দিন আহত হন। কেউ গুলিবিদ্ধ না হলেও ইটের আঘাতে আহত সকলকে নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মাসদাইর এলাকায় সম্প্রতি মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর আগেও একাধিক অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাব ও পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এই ধারাবাহিক সশস্ত্র প্রতিরোধ এলাকায় মাদক সিন্ডিকেটের শক্তিশালী অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

—জা. অর্থনীতি/এনজে