Print Date & Time : 07 November 2026 Saturday 11:17 am

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

image

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার। সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তনের আভাস দিয়ে মন্ত্রী বলেন, ২০২৮ সালের পর থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর শিক্ষার্থীদের আর দীর্ঘ অপেক্ষা করে সময় নষ্ট করতে হবে না। ফলাফল প্রকাশের সাথে সাথেই তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে এবং শিক্ষাব্যবস্থাকে সেশন জটমুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাঠ্যপুস্তক পরিমার্জনের বিষয়ে তিনি জানান, এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সকল স্কুলে পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে, যাতে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা কোনো রকম জটিলতা ছাড়া বই পেতে পারে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু চার দেয়ালের মাঝে পড়াশোনার ভেতরেই আটকে না রেখে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।

—জা. অর্থনীতি/এলএটি