Print Date & Time : 08 November 2026 Sunday 12:31 pm

চতুর্থ দিনে শূন্যরেখা থেকে সেই ১২ জনকে সরিয়ে নিলো বিএসএফ

image

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ‘পুশ-ইন’ চেষ্টাকালে বাধার মুখে সীমান্তের শূন্যরেখার পাটক্ষেতে অবস্থান করার চারদিনের মাথায় সেই ১২ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ।

সোমবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টায় বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের পর ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীরা।

কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তের ১৫০ এর ৩ এস পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা। বিএসএফের পক্ষে রানীনগর বিএসএফ ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। বৈঠক শেষে বিএসএফ ওই ১২ জনকে ফিরিয়ে নিয়ে চলে যায়।

এর আগে গত শুক্রবার ভোর ৫টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ৪ জন নারী ৪ জন পুরুষ ও ৪ জন শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় লোকজন তাতে বাধা দেয়। এরপর থেকে ওই তিন পরিবার ১৪৮/৩ এস পিলার থেকে ভারতীয় ৫০ গজের মধ্যে পাটক্ষেতের আইলে একটি শিমুলগাছের তলায় অবস্থান নেন।

এদিকে টানা চারদিন (৩ রাত) খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটিয়েছে তারা। শিশুরা সবাই অসুস্থ হয়ে পড়ে। বাংলাদেশি সীমান্ত এলাকার লোকজন কৌশলে তাদের খাবার দিয়েছে।

—জা. অর্থনীতি/এনজে