Print Date & Time : 07 November 2026 Saturday 10:07 am

ঢাকার ৩ বাসস্ট্যান্ড সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

image

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের তীব্র যানজট সমস্যা সমাধানের লক্ষ্যে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় দফার এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগরের দুই প্রশাসক। বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সামগ্রিক যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনালগুলো দীর্ঘদিন ধরেই নগরীর যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত। এই কারণে নগরীর ভেতর থেকে এসব টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে উপযুক্ত স্থানে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় ও দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি