Print Date & Time : 26 October 2026 Monday 10:10 pm

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন

image

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ পৌরসভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি)’ এর আওতায় নির্মিত সর্বাধুনিক কসাইখানার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদিপশু জবাইয়ের লক্ষ্যে নির্মিত এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন ও উদ্বোধন করেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।

সম্পূর্ণ আধুনিক ও স্বয়ংক্রিয় এই কসাইখানাটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা। ৪৯ শতক জমির ওপর নির্মিত এই কসাইখানার মূল উৎপাদন বা পশু জবাইয়ের স্থানটি আড়াই হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত, যা দীর্ঘ আড়াই বছরের প্রক্রিয়া শেষে গত ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

ঝিনাইদহ পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, কসাইখানায় গরু ও ছাগল আলাদাভাবে জবাই ও প্রক্রিয়াজাতকরণের জন্য দুটি পৃথক ‘স্লটার লাইন’ রয়েছে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই কসাইখানায় প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং ২০টি ছাগল আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করা সম্ভব, যা ঝিনাইদহ শহরবাসীর নিরাপদ মাংসের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।

—জা. অর্থনীতি/এলএটি