লালমনিরহাট প্রতিনিধি: অতি অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত শিশু নন্দিনী হত্যার বিচার কার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এটি একটি নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড, যা নিন্দা ও দুঃখ প্রকাশের ভাষা নেই।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিহত নন্দিনীর বাড়িতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ইতিমধ্যে বিধান চন্দ্র নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে দায় স্বীকার করেছে বলে জানান মন্ত্রী। ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাজেট অধিবেশনে থেকে আমাদের নির্দেশ দিয়েছেন শিশু নন্দিনীর পরিবারের পাশে দাঁড়াতে। যারা এতটুকু ছোট শিশুকে হত্যা করতে পারে তারা মানুষ নয়, নরপিশাচ। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যা উদাহরণ হয়ে থাকবে।
আসামি গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আসামি গ্রেপ্তার করে শান্তিপূর্ণভাবে ফিরছিল। কার উসকানিতে বা প্ররোচনায় প্রশাসনকে আক্রমণ করে মব সৃষ্টি করা হলো, সেটিও পুলিশ তদন্ত করে দেখছে। সাধারণ মানুষ যারা এ ঘটনার সাথে জড়িত নয়, তারা নিশ্চিন্তে বাড়িতে থাকবে। কিন্তু যারা ক্রিমিনাল ও প্রশাসনকে আক্রমণ করেছে, তাদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে নিজ বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে ৭ বছরের শিশু নন্দিনীর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ।
—জা. অর্থনীতি/এলএটি