Print Date & Time : 08 November 2026 Sunday 07:27 am

বিপুল পরিমাণ মাদকসহ অভিনেত্রী গ্রেপ্তার

image

বিনোদন ডেস্ক: ঘানা থেকে অস্ট্রেলিয়ায় প্রায় ৩০০ কেজিরও বেশি মেথামফেটামিন (এক ধরনের মারাত্মক মাদক) পাচারের চেষ্টার অভিযোগে এমা হুসেইন (৩৪) নামের এক ব্রিটিশ অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৮ জুন) সিডনির একটি আদালতে তাকে হাজির করা হয়। 

বিপুল পরিমাণ এই মাদক আমদানির অপরাধ প্রমাণিত হলে তার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘানা থেকে অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদক আমদানি করা একটি চক্রের সঙ্গে ৩৪ বছরে এই অভিনেত্রী জড়িত বলে অভিযোগ পুলিশের। 

পুলিশ জানায়, ঘানা থেকে সিডনি বন্দরে আসা দুটি শিপিং কনটেইনার এক্স-রে করার পর এই মাদকচক্রের সন্ধান মেলে। কনটেইনারগুলোতে সাধারণ কাঠকয়লার ব্যাগ থাকার কথা থাকলেও তার ভেতরে লুকানো ছিল ৩২০ কেজি  মেথামফেটামিন। যার মূল্য প্রায় ২০৮ মিলিয়ন মার্কিন ডলার। 

সীমান্ত কর্তৃপক্ষ কনটেইনারে মাদকের অস্তিত্ব টের পাওয়ার পর এপ্রিল মাসে তদন্ত শুরু করে। তবে, অপরাধীদের ধরতে পুলিশ চালানের ভেতর থেকে মাদকগুলো আগেই সরিয়ে ফেলে এবং কনটেইনারটি সিডনির একটি গুদামে পৌঁছানোর ব্যবস্থা করে। 

পুলিশের অভিযোগ, অভিনেত্রী এমা হুসেইন নিজেই ওই গুদামে গিয়ে লোকবল দিয়ে কনটেইনারটি খোলার পুরো বিষয়টি তদারকি করেন। 

এরপর তারা কয়েকটি ব্যাগ গাড়িতে লোড করে একটি বাড়িতে নিয়ে যান। সেখান থেকেই পুলিশ এমা হুসেইনকে গ্রেপ্তার করে এবং তার ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস ও একটি নোটবুক জব্দ করে। 

এমা হুসেইন ব্রিটিশ টিভি সিরিজ ইস্টএন্ডার্সের স্পিন-অফ ‘ই২০’ এবং বিখ্যাত হলিউড অভিনেতা জেসন স্ট্যাথামের ২০১৩ সালের অ্যাকশন সিনেমা ‘হামিংবার্ড’-এ অভিনয় করেছিলেন। 

—জা. অর্থনীতি/এনএ