Print Date & Time : 08 November 2026 Sunday 01:30 am

দল ছাড়ায় কিশোর গ্যাংয়ের সদস্যকে কুপিয়ে জখম

image

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে কিশোর গ্যাংয়ের দল থেকে বের হয়ে আসায় আলিফ (১৬) নামের এক স্কুলছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। সদর উপজেলার গোভিপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেন। 

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত আলিফ মেহেরপুর শহরের মন্ডলপাড়া এলাকার সালামের ছেলে এবং মেহেরপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

আহত আলিফের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি মেহেরপুর শহরে গড়ে ওঠা 'সিপিবি' এবং 'গিএসএফ' নামের দুটি কিশোর গ্যাংয়ের সাথে সে জড়িয়ে পড়েছিল। পরবর্তীতে ভুল বুঝতে পেরে সে ওই গ্রুপ দুটি থেকে বের হয়ে আসলে গ্যাংয়ের সদস্যরা তার ওপর ক্ষিপ্ত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় রকি নামের এক বন্ধু তাকে কৌশলে গোভিপুর এলাকায় ডেকে নেয়। সেখানে পৌঁছামাত্রই সাদিক ও রোহানের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আলিফের বাবা সালাম ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবশালী মহলের মদদ ও আশ্রয়-প্রশ্রয়েই মেহেরপুরে এই কিশোর গ্যাংগুলো দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। এই গ্যাং কালচারের ব্যাপারে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি। তিনি এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ওসি জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
—জা. অর্থনীতি/এলএটি