Print Date & Time : 07 November 2026 Saturday 12:11 pm

৬ লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

image

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ভুক্তভোগী জমির মালিকদের অভিযোগ, তাদের শতক প্রতি ৪ লাখ টাকা মূল্যের জমির দাম দেওয়া হচ্ছে মাত্র ৩ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত জমির মালিকরা জেলা প্রশাসকের মাধ্যমে এই বৈষম্য দূর করে সঠিক মূল্য নির্ধারণের জোর দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিষয়খালী এলাকার ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত জমির মালিকরা এই কর্মসূচির আয়োজন করেন।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে ওই এলাকার দুই শতাধিক ক্ষতিগ্রস্ত জমির মালিক অংশ নেন। কর্মসূচিতে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য রাখেন ডা. মিজানুর, জিয়া, বিল্লাল, হাবিব, মুসা এবং চানসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য বিষয়খালী এলাকায় তাদের যে পৈত্রিক ও বাণিজ্যিক জমি অধিগ্রহণ করা হয়েছে, তার জন্য অত্যন্ত নগণ্য এবং অযৌক্তিক মূল্য ধার্য করা হয়েছে। বাজারমূল্যের চেয়ে এই দাম আকাশ-পাতাল ব্যবধান হওয়ায় প্রায় দুই শতাধিক পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা এই বিষয়ে দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

—জা. অর্থনীতি/এলএটি