মৌলভীবাজার প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়া সফর করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শুক্রবার (২৬ জুন) তারা সমাবেশ ও মতবিনিময় সভায় অংশ নেন। একই দিন কুলাউড়ার রবিরবাজার জামে মসজিদের সামনে বিএনপির নেতাকর্মীরা এনসিপিবিরোধী পাল্টা স্লোগান দিলে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
শুক্রবার সকাল থেকে দিনব্যাপী কুলাউড়ার বিভিন্ন এলাকায় এনসিপির এসব রাজনৈতিক কর্মসূচি সম্পন্ন হয়।
এনসিপির কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদী। স্থানীয় পর্যায়ে কর্মসূচির দায়িত্বে ছিলেন এনসিপির কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় নেতারা সকালে কুলাউড়ায় পৌঁছে প্রথমে রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর বিকেল ৪টায় শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট এলাকায় সীমান্তে বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান হত্যার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে অংশ নেন। সমাবেশ থেকে বক্তারা সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারের কাছ থেকে কঠোর কূটনৈতিক পদক্ষেপ দাবি করেন। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলা অডিটরিয়ামে দলের উদ্যোগে মতবিনিময় ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে এনসিপি নেতাদের আগমনকে কেন্দ্র করে রবিরবাজার জামে মসজিদের সামনে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে পাল্টা স্লোগান দিতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিএনপির নেতাকর্মীরা "এনসিপির আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও" বলে স্লোগান দেন। আকস্মিক এই পাল্টা স্লোগান ও অবস্থানের কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় সতর্ক অবস্থানে ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি