গোপালগঞ্জ প্রতিনিধি: “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র, নারী/পুরুষ) পদে নিয়োগের দ্বিতীয় দিনের মাঠ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ হাবীবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (২৫ জুন) গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে এই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। একটি মেধাভিত্তিক, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে জেলা পুলিশ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
নিয়োগ প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি এবং গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মাঠে উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিনে প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনে পুরুষদের জন্য ১৬০০ মিটার ও নারীদের জন্য ১০০০ মিটার দৌড়, লং জাম্প এবং হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছ প্রক্রিয়ায় প্রার্থীরা এসব ইভেন্টে অংশ নেন।
দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ উত্তীর্ণ প্রার্থীদের তৃতীয় দিনের পরীক্ষার প্রস্তুতি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্রিফিং প্রদান করেন। একই সাথে আজ শুক্রবার (২৬ জুন) সকাল ৮টায় মাঠ পরীক্ষার পরবর্তী ধাপে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের আগেই উপযুক্ত পোশাক পরিধান করে মাঠে উপস্থিত থাকার জন্য প্রার্থীদের অনুরোধ জানান।
—জা. অর্থনীতি/এলএটি