Print Date & Time : 07 November 2026 Saturday 11:51 pm

জাবিতে নতুন মাস্টারপ্ল্যান: পরিবেশবান্ধব অবকাঠামো গড়ার পরিকল্পনা

image

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দীর্ঘমেয়াদি উন্নয়ন ও পরিকল্পিত অবকাঠামো নির্মাণে নতুন মাস্টারপ্ল্যান প্রণয়নের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

তিনি বলেন, বিদ্যমান অবকাঠামোগত সীমাবদ্ধতা দূর করে পরিবেশ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আধুনিক ও সমন্বিত মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত সিনেটের ৪৩তম বার্ষিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত মাস্টারপ্ল্যান দীর্ঘদিন আগে প্রণীত হওয়ায় বর্তমান সময়ের চাহিদার সঙ্গে এর অনেক ক্ষেত্রেই অসামঞ্জস্য দেখা দিয়েছে। এজন্য ২০২৬-২৭ অর্থবছরে নতুন মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে একটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে এবং মার্চ মাসে শিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প যাচাই-বাছাই ও বিবেচনার জন্য আয়োজিত ডেভেলপমেন্ট প্রজেক্ট কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, নতুন মাস্টারপ্ল্যানে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান মাস্টারপ্ল্যানের অসামঞ্জস্যগুলো চিহ্নিত করে পরিবেশগত ভারসাম্য, শিক্ষার্থীদের প্রয়োজন এবং ভবিষ্যৎ সম্প্রসারণের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

সভায় উপাচার্য বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে শিক্ষার্থী ও শিক্ষকসংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনার অভাব রয়েছে। অনেক ভবন প্রয়োজনীয় নকশা ও অবকাঠামোগত সমন্বয় ছাড়াই নির্মিত হয়েছে। আবার কোথাও প্রয়োজনীয় শ্রেণিকক্ষের সংকট থাকলেও অনেক স্থানে ভবন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এসব অসামঞ্জস্য দূর করে পরিকল্পিত অবকাঠামো উন্নয়নে নতুন মাস্টারপ্ল্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, নতুন মাস্টারপ্ল্যান বাস্তবায়নের মাধ্যমে একাডেমিক ভবন, আবাসিক হল, গবেষণা অবকাঠামো, প্রশাসনিক ভবন, সড়ক যোগাযোগ, সবুজায়ন এবং পরিবেশ সংরক্ষণ—সব বিষয়কে সমন্বিতভাবে বিবেচনায় নেওয়া হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উন্নয়ন কার্যক্রম ও আর্থিক বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও আলোচনা হয়। এতে সিনেট সদস্য, শিক্ষক, মনোনীত প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এনজে