Print Date & Time : 08 November 2026 Sunday 01:10 am

করতোয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী

image

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীর তীব্র ভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত নদীপাড়ের মানুষের সাথে কথা বলেন এবং ভাঙন রোধে দ্রুত টেকসই কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে তিনি উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী, দেবীডুবা ইউনিয়নের দাড়ারহাট ও তেলীপাড়া এবং সোনাপোতা ঢাকাইয়াপাড়া এলাকার নদীভাঙনকবলিত বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “নদীভাঙনকবলিত এলাকায় নদীতীর সংরক্ষণ কাজ দ্রুত শুরু করা হবে। এই লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কয়েকটি ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল) অনুমোদন হয়েছে। এছাড়া যেসব স্থানে বন্যার কারণে নতুন করে নদীতীর ভাঙনের চরম ঝুঁকি তৈরি হয়েছে, সেখানে আপদকালীন ব্যবস্থা হিসেবে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণের কাজ শুরু করা হবে।”

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি আরও বলেন, "যে কাজ হবে, তা সরকারের অর্থে হলেও সেটি মূলত জনগণের টাকা। তাই কাজের মান নিশ্চিত করতে ঠিকাদারের কাছ থেকে সঠিকভাবে কাজ বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদেরও রয়েছে। যেখানে তীর সংরক্ষণের কাজ হবে, তার আশপাশ থেকে যেন কোনোভাবেই কেউ বালু উত্তোলন করতে না পারে, সেদিকে সবাইকে কঠোর নজর রাখতে হবে।"

নদীভাঙন এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন— জেলা পানি উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিৎ সাহা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

—জা. অর্থনীতি/এলএটি