গোপালগঞ্জ প্রতিনিধি: "সেবার ব্রতে চাকরি" স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রাথমিক ধাপের তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (২৬ জুন) জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়ে পুশ-আপ, সিট-আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর তত্ত্বাবধানে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে এই কার্যক্রম পরিচালিত হয়।
প্রাথমিক ধাপে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আপনারা কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন। সমান একাগ্রতার সাথে পরবর্তী ধাপগুলোর জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত। কোনো দালালচক্র বা প্রতারকের কথায় বিভ্রান্ত হয়ে কোনো আর্থিক লেনদেনে জড়াবেন না। সততা ও মেধাই আপনার একমাত্র যোগ্যতা।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদ্বয় এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
—জা. অর্থনীতি/এলএটি