সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৮ জুন) সকাল ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ৪৮ জন চোরাকারবারিকে আটক করা হয়। এসব অভিযানে সর্বমোট ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়, যার মধ্যে ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত মাদকের মধ্যে উল্লেখযোগ্য ছিল— ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল, ৪৭ হাজার ২৭০টি ইয়াবা, ৮ দশমিক ৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৭২ দশমিক ৫০ মিলিগ্রাম এলএসডি, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস বিভিন্ন অবৈধ ওষুধ, ৬ লাখ ৭ হাজার ৭৬৯টি বিড়ি-সিগারেট, ৩৫ কেজি তামাকের গুঁড়া, ২০ বোতল আফিম তৈরির রাসায়নিকসহ বিপুল পরিমাণ অন্যান্য মাদক সামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, "মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। মাদক একটি সামাজিক মহামারি। এটি মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।" তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরার পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
—জা. অর্থনীতি/এলএটি