Print Date & Time : 07 November 2026 Saturday 09:20 am

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

image

জাবি প্রতিনিধি: ‘জাবির আঙিনায় ফলের ঘ্রাণ, ছাত্রদলের উৎসবে আসুক প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘মৌসুমি ফল উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে আম, কাঁঠাল, লটকন, আনারসসহ হরেক রকমের দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, "আমি যে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদের সহাবস্থান, যা শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের এই ফল উৎসব তারই একটি অংশ। আমি খুবই আনন্দিত যে, জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপলব্ধির এই জায়গায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। নতুন যারা আসবে, তারাও যেন এই ধারা অব্যাহত রাখে।"

উপাচার্য আরও বলেন, "আজকের আমন্ত্রিত অতিথি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী। এ আয়োজনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল শুধু আদর্শিক সহযোদ্ধাদের নিয়ে নয়, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে পথ চলতে অঙ্গীকারাবদ্ধ। আমি বিশ্বাস করি এ ধরনের সামাজিক আয়োজন আরও বৃদ্ধি পাবে।"

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীবান্ধব এবং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম যাতে বজায় থাকে, সেটির দিকে লক্ষ্য রেখে আমরা সবসময় কর্মসূচি প্রণয়ন করি। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের মধ্যে একটি সম্প্রীতির বন্ধন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।”

জাতীয় ছাত্র শক্তি জাবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম শাওন এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "এখানে তারা অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদের বরণ করে নিচ্ছে এবং সুন্দর আতিথেয়তা দেখাচ্ছে। ক্যাম্পাসে এমন সহাবস্থানের রাজনীতির জন্য আমি ছাত্রদলের ভাইদের সাধুবাদ জানাই।"

উৎসবে আসা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া বলেন, “আমরা যারা নতুন এসেছি আমাদের জন্য আয়োজনটি খুবই চমৎকার ও উপভোগ্য ছিল। এমন আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ এবং ভবিষ্যতে আরও এমন অনুষ্ঠান আশা করছি।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এলএটি