চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক ঘটনায় পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আলিম নগর ঘাট ও রাবার ড্যাম সংলগ্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পদ্মা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থী হলো—সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬) ও ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনেই স্থানীয় সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
অন্যদিকে, মহানন্দা নদীতে নিখোঁজ যুবকের নাম মো. সাকিরুল ইসলাম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে ১০ম শ্রেণীর বেশ কয়েকজন বন্ধু মিলে চরবাগডাঙা ইউনিয়নের পদ্মা নদীর আলিম নগর ঘাটে গোসল করতে নামে। একপর্যায়ে রিফাত ও রাসেল তীব্র স্রোতে নদীর পানিতে তলিয়ে যায়। তাদের বন্ধুদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দেয়।
এদিকে, মহানন্দা নদীর রাবার ড্যামের পাশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাকিরুল ইসলাম নামে ওই যুবক।
ওসি জানান, পদ্মায় গোসল করতে নেমে দুই স্কুল ছাত্র এবং মহানন্দায় মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং পুলিশ সদস্যরা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ তিনজনের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।
—জা. অর্থনীতি/এলএটি