Print Date & Time : 08 November 2026 Sunday 05:30 pm

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ, সহকারী কমিশনার কারাগারে

image

সিলেট প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) মো. সোহেল উদ্দিন প্রিন্সকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা শুনানি শেষে তার জামিন বাতিল করে এই আদেশ দেন।

আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, ৩৬তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর এসি সোহেল উদ্দিন এবং মামলার বাদী সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথীর মধ্যে পরিচয় ও সম্পর্কের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সোহেল উদ্দিন বিভিন্ন সময়ে বাদিনীর পরিবারের কাছ থেকে প্রায় ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং আত্মসাৎকৃত অর্থ ফেরত দিতেও অস্বীকৃতি প্রকাশ করেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৩ নভেম্বর তানজিনা সাথী বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে একটি মামলা দায়ের করেন। গত ৯ জুন আদালত আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ও ৪২০ (প্রতারণা) ধারায় অভিযোগ গঠন করেন।

আদালত সূত্রে আরও জানা যায়, গত বছরের ১৯ আগস্ট আপস-মীমাংসার শর্তে আদালত থেকে জামিন পেয়েছিলেন সোহেল উদ্দিন। কিন্তু আজ পর্যন্ত তিনি বাদিনীর সঙ্গে কোনো মীমাংসা করেননি বা অর্থ ফেরত দেননি। এই শর্ত ভঙ্গের বিষয়টি উল্লেখ করে বাদিনীর আইনজীবী আদালতে আসামির জামিন বাতিলের আবেদন জানালে আদালত তার পূর্বতন জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম খান আদালতে দাবি করেন, অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি এবং তার মক্কেলকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে।

উল্লেখ্য, এই অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলা ছাড়াও পুলিশ কর্মকর্তা সোহেল উদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রীর দায়ের করা একটি যৌতুক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি