Print Date & Time : 28 October 2026 Wednesday 07:07 am

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

image

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানা এলাকায় এক কিশোরী (১৩) ও এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেন। 

বুধবার (১ জুলাই) দুপুরে জোরদার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আওলাদ হোসেন মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামের (৭ নম্বর ওয়ার্ড) মৃত মোশারফ হোসেনের ছেলে।

পরিবারকে বরাত দিয়ে পুলিশ জানান, গত ২৯ জুন সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের ওই কিশোরীকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে ডেকে এনে একই গ্রামের মৃত আক্কেল আলীর মেয়ে বাক-প্রতিবন্ধী তরুণীকেও একইভাবে ধর্ষণ করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) প্রতিবন্ধী তরুণী বিষয়টি তার মাকে খুলে বললে ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় ওই তরুণীর মা মমতাজ বেগম বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যান।

ওসি জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ করে মামলা নথিভুক্ত করা হয়। এরপর পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আজ দুপুরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

—জা. অর্থনীতি/এলএটি