Print Date & Time : 08 November 2026 Sunday 07:01 am

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু

image

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিয়াম নামে ৬ বছরের এক শিশুর নির্মম মৃত্যু হয়েছে। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার একদন্ত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম (০৬) উপজেলার একদন্ত এলাকার কদিমবগদী গ্রামের রাজু আহমেদের ছেলে। সে স্থানীয় ‘নবদিগন্ত কিন্ডারগার্টেন’-এর শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে একদন্ত এলাকায় রাস্তা পার হচ্ছিল শিশু সিয়াম। এ সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

—জা. অর্থনীতি/এলএটি