Print Date & Time : 22 October 2026 Thursday 02:21 am

বান্দরবানে চলমান অভিযান নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান আইএসপিআর’র

image

অনলাইন ডেস্ক: বান্দরবানের দুর্গম রেতলাং এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএফ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) গোপন আস্তানায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত অভিযান এখনো চলমান রয়েছে। এ অবস্থায় অভিযান নিয়ে যেকোনো ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল কেএনএফ এবং ইউপিডিএফ-মূল-এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে ওই আস্তানার আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে।

আইএসপিআর আরও জানায়, আভিযানিক নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে অধিকতর তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। অভিযান সমাপ্তি সাপেক্ষে যথাসময়ে বিস্তারিত জানানো হবে। সবাইকে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য পরিহারের অনুরোধ জানানো যাচ্ছে।

জা.অর্থনীতি/এসআই