Print Date & Time : 08 November 2026 Sunday 09:30 am

বিমানবন্দর এলাকায় পুলিশি অভিযান, আটক ৮২

image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকাসক্ত পথশিশুসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে আটক করেছে পুলিশ। বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধ এবং প্রবাসীদের ভোগান্তি কমাতে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত (ওসি) কামরুল হাসান তালুকদার এই তথ্য নিশ্চিত করেন।

শনিবার (৪ জুলাই) ভোর আনুমানিক ৫টা থেকে বিমানবন্দর থানা পুলিশের পৃথক কয়েকটি দল বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ এবং বিমানবন্দরের প্রবেশপথসহ ভিভিআইপি ও ভিআইপি রোডে এই অভিযান পরিচালনা করে। অভিযানে  মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত মোট ৮২ জনকে আটক করা হয়।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। বর্তমানে ওই এলাকায় পুলিশের বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এছাড়া শনিবারের অভিযানে আটক শিশুদের সুরক্ষায় ‘শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি