Print Date & Time : 07 November 2026 Saturday 09:34 am

খামেনির শেষকৃত্যে বাংলাদেশের শ্রদ্ধা

image

অনলাইন ডেস্ক: ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সফরকালে তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক শান্তি এবং ক্রীড়া সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

শনিবার তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে স্পীকার নিহত খামেনির বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। এ সময় তিনি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা জানান এবং শোকবার্তা পৌঁছে দেন। পরে তিনি সেখানে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে স্পীকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তিনি ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশ ও ইরানের শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে স্পীকার সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ইরানসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে। পাশাপাশি বাংলাদেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব ধরনের বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে তার অবস্থান অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে ইরানের সংসদের স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সফরের অংশ হিসেবে তিনি ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে ইরানের ক্রীড়া মন্ত্রী দেশটিতে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং খেলাধুলা খাতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। জবাবে স্পীকার বিষয়টি বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

এছাড়া স্পীকার ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে তিনি ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও জোরদারের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তুলে ধরবেন বলে জানান।

উল্লেখ্য, নিহত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে স্পীকার শুক্রবার তেহরানে পৌঁছান। বিমানবন্দরে তাকে ইরানের ডেপুটি স্পীকার হামিদ রেজা হাজি বাবাই অভ্যর্থনা জানান।

—জা. অর্থনীতি/এএইচএ