Print Date & Time : 08 November 2026 Sunday 12:22 am

নন্দিনী হত্যা মামলা: নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযোগ

image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আলোচিত নন্দিনী হত্যাকাণ্ডে প্রশাসনের গাড়ি ভাঙচুর মামলায় অজ্ঞাত হিসেবে আজিজুল হক নামে এক নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট কাজিরচওড়া গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গ্রেপ্তার আজিজুলের বাবা খলিলুর রহমান। তিনি দাবি করেন, গত ১৭ জুন যখন ১০ কিলোমিটার দূরে ফলিমারী গ্রামে শিশু নন্দিনী রায়ের লাশ উদ্ধার ও ভাঙচুরের ঘটনা ঘটে, তখন তাঁর ছেলে বাড়িতে নাতির বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। পুলিশ অন্য একটি জেলার (হবিগঞ্জ) মারামারির ভিডিওর স্ক্রিনশট দেখিয়ে তাঁর ছেলেকে ভুলবশত সনাক্ত করে গ্রেপ্তার করেছে। তারা সুষ্ঠু তদন্ত ও আজিজুলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

তবে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব এই অভিযোগ অস্বীকার করে বলেন, সিনিয়র অফিসাররা ভিডিও দেখে নিশ্চিত হওয়ার পরেই আসামী চিহ্নিত ও গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার আজিজুল হক ঘটনার সাথে জড়িত ছিলেন তা নিশ্চিত হয়েই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিরাপরাধ কাউকে শাস্তি দেওয়া পুলিশের কাজ নয়।

—জা. অর্থনীতি/এলএটি