Print Date & Time : 07 November 2026 Saturday 06:20 am

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই

image

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক বাঁহাতি পেসার শাপুর জাদরান আর নেই। শাপুর জাদরানের ছোট ভাই ঘামাই জাদরান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিরল হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) রোগে ভুগে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।  চিকিৎসার জন্য চলতি বছরের জানুয়ারি মাসে তাকে দিল্লিতে নেওয়া হয়েছিল।

আফগান ক্রিকেটের উত্থানের অন্যতম এই কারিগরের আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৯ সালে। ক্যারিয়ারে তিনি আফগানিস্তানের হয়ে ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ৮০টি উইকেট শিকার করেন। ২০১৫ সালের বিশ্বকাপে ১০ উইকেট নিয়ে তিনি দলের সর্বোচ্চ উইকেটশিকারী বোলার ছিলেন। এছাড়া ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে ৫টি ম্যাচ এবং বিপিএলেও অংশ নিয়েছিলেন তিনি।

শাপুর জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে— মাঠে সাফল্যের বাইরেও তিনি ছিলেন তরুণ আফগান ক্রিকেটার এবং বিশ্বজুড়ে ভক্তদের জন্য এক সত্যিকারের অনুপ্রেরণা। তার লড়াকু মানসিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা একটি পুরো প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আফগান ক্রিকেটের ভবিষ্যৎকে বিশ্বাস করতে উৎসাহ জুগিয়েছিল।

—জা. অর্থনীতি/এলএটি