জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে সাপের কামড়ে মৃত এক নারীর স্বজনরা সরকারি হাসপাতালের চিকিৎসক ও স্টাফদের ওপর হামলা চালিয়েছেন। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল আল মামুন হামলার বিষয়টি নিশ্চিত করে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। নিহত গৃহবধূ হলেন— রমিছা বেগম (৫৫)। সে উপজেলার তারতাপাড়া গ্রামের চান মিয়ার স্ত্রী।
নিহতের স্বজনদের অভিযোগ, রাতে রমিছা বেগমকে সাপে ছোবল দিলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ও স্টাফরা বিষধর সাপ নয়, বরং 'চিকা' কামড় দিয়েছে বলে অবহেলা করেন এবং চিকিৎসা দিতে বিলম্ব করেন। সময়মতো যথাযথ চিকিৎসা না পাওয়ায় রমিছা বেগমের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা বলেন, চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল না, যার স্পষ্ট প্রমাণ সিসিটিভি ফুটেজে রয়েছে। মঙ্গলবার সকালে ওই নারীর স্বজনরা হাসপাতালে এসে অন্যায়ভাবে কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলা চালায়। সরকারি হাসপাতালে অনাকাঙ্ক্ষিত এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
—জা. অর্থনীতি/এলএটি