Print Date & Time : 08 November 2026 Sunday 08:56 am

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ

image

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় বড় ধরনের পরিবর্তন এনেছে। মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরি ছাড়া বাকি ছয়টি ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে এসব আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুনর্বণ্টন করা হয়েছে।

গত রোববার (৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়-এর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ এবং ‘গ’ ক্যাটাগরির জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন নিষ্পত্তির কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। তবে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন আগের নিয়মেই নিষ্পত্তি করা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, সংশোধন আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বণ্টন করা হয়েছে- ‘ক-১’ ক্যাটাগরি: সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, ‘ক’ ক্যাটাগরি: উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা, ‘খ-১’ ক্যাটাগরি: অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ’ ক্যাটাগরি: সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা, ‘গ-১’ ক্যাটাগরি: অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ‘গ’ ক্যাটাগরি: আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

অফিস আদেশে আরও বলা হয়েছে, যেসব আবেদন অনলাইনে জমা দেওয়া সম্ভব, সেগুলো আর হার্ডকপিতে গ্রহণ করা হবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এ আদেশের অনুলিপি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব, মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ছয়টি দপ্তরে পাঠানো হয়েছে। তবে স্থগিত থাকা ছয়টি ক্যাটাগরির সেবা কবে পুনরায় চালু হবে, সে বিষয়ে পরবর্তী সময়ে পৃথক নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

জা.অর্থনীতি/এসআই