Print Date & Time : 08 November 2026 Sunday 12:50 am

পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

image

সাভার প্রতিনিধি: এগ্রিকালচারিস্টস' অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ্যাব-এর আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এমপি (ঢাকা-১৯), শহীদুল ইসলাম বাবুল এমপি (ফরিদপুর-৪), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল লতিফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় পরিবেশের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি তার অনন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কৃষিজাত পণ্যের পাটের স্কুল ব্যাগ বিতরণের উদ্যোগও সরকার গ্রহণ করেছে। 

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বিগত সরকারের সমালোচনা করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বনের জমি দখল ও পরিবেশের ব্যাপক ক্ষতি করেছে। সেই ক্ষতি কাটিয়ে দেশকে এগিয়ে নিতে শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বের মতো বর্তমান প্রধানমন্ত্রীও নানা পদক্ষেপ নিচ্ছেন। জনগণের দল হিসেবে প্রধানমন্ত্রীর এই জনবান্ধব কাজকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

—জা. অর্থনীতি/এলএটি