ফিরোজ শাহ, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে রাস্তা জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। এতে সংকুচিত হয়ে পড়েছে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা।
স্থানীয়দের দাবি, এক সময়ের ২৫ ফুট প্রশস্ত রাস্তা এখন মাত্র ৫ ফুটে নেমে এসেছে। এতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, এমনকি একটি মসজিদের নির্মাণ কাজও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন বলেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদারগঞ্জের উপজেলার এটাই চরপাকেরদহ মধ্যপাড়া সেটেলমেন্টের রাস্তাটি এলাকার মানুষের একমাত্র ভরসা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে ধীরে ধীরে হারিয়ে গেছে রাস্তার অধিকাংশ অংশ। এক সময়ের ২৫ ফুট প্রশস্ত রাস্তা এখন মাত্র ৫ ফুটে সীমাবদ্ধ। বর্ষা এলেই কাদাপানিতে চলাচল হয়ে পড়ে দুর্বিষহ। রাস্তা সংকুচিত হওয়ায় শুধু চলাচলই নয়, থমকে গেছে পুরো এলাকার স্বাভাবিক জীবনযাত্রা। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে। কৃষকরা উৎপাদিত ফসল হাটে নিতে পারছেন না। অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়াও হয়ে উঠছে কঠিন।
সবচেয়ে বড় সংকটে পড়েছে এলাকার একটি মসজিদের নির্মাণ কাজ। নির্মাণসামগ্রী বহনের মতো রাস্তা না থাকায় কাজ প্রায় বন্ধের মুখে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার এই বেহাল অবস্থার কারণে এলাকার উন্নয়ন কার্যত থমকে গেছে। এমনকি অনেক পরিবার তাদের ছেলে-মেয়ের বিয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়ছে, কারণ যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে অনেকে এ এলাকায় সম্পর্ক করতে অনাগ্রহী।
এ পরিস্থিতির স্থায়ী সমাধান চেয়ে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
অভিযোগের বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, মসজিদ নির্মাণ কাজে বাঁধা এ ধরনের অভিযোগ পেয়ে চরপাকেরদহ ইউনিয়ন প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছিল বিষয়টি নিরসন করতে। সে বিষয়টি নিরসন করেছে, রাস্তাটি যেহেতু সেটেলমেন্টের তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সেটেলমেন অফিসে বলে দেওয়া হবে।
গ্রামবাসীর প্রত্যাশা, দ্রুত জবরদখলমুক্ত করে রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। তাহলে স্বাভাবিক হবে মানুষের চলাচল, এগিয়ে যাবে এলাকার উন্নয়ন, আর নতুন করে প্রাণ ফিরে পাবে বহুদিনের প্রত্যাশিত মসজিদ নির্মাণ কাজ।
—জা. অর্থনীতি/এনজে